ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারের আইএফআইসি ব্যাংকের নিরাপত্তাকর্মী ইসলাম উদ্দিনের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বেলা ১১টার দিকে ব্যাংকের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইসলাম উদ্দিনের বাড়ি ঝিনাইদহ জেলায়।
আইএফআইসি ব্যাংকের সেকেন্ড অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, 'সকাল ১০টার দিকে আমরা ব্যাংকে এসে নিরাপত্তা রক্ষী ইসলাম উদ্দিনকে দরজা খোলার জন্য ডাকতে থাকি। কিন্তু তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে দরজার ফাঁক দিয়ে দেখা যায়-তিনি চেয়ারের ওপর পড়ে আছেন। পরে পুলিশের সহযোগিতায় দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়।'
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ভেতর থেকে তালা লাগানো ছিল। ব্যাংক থেকে কোনো কিছু খোয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।'
