৪ মেডিকেল কলেজের কাগজপত্র সংশ্লিষ্ট অধিদপ্তরে দেয়ার নির্দেশ

আপডেট : ২২ মে ২০১৬, ১৮:১৫
রাজধানীর ৪টি মেডিকেল কলেজের জমি নিবন্ধনসহ পরিচালনার নীতিমালা প্রতিপালনের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তরে জমা দেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
 
আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় এই সকল কাগজপত্র দাখিল করতে না পারলে একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। রবিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বৈঠকে সভাপতিত্ব করেন।
 
কলেজ গুলোর মধ্য রয়েছে রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এবং উত্তরা উইমেনস মেডিকেল কলেজ।
 
বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) এর নেতৃত্বে বেসরকারি কলেজ কার্যক্রম পরিদর্শন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজসমূহ পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন নাসিম।
 
প্রতিবেদন দাখিলের পর কলেজগুলোর একাডেমিক কার্যক্রমের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানানো হয়। সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা এনডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আসলান প্রমুখ উপস্থিত ছিলেন। খবর- বাসস।