তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'গণতন্ত্রের সুফল পেতে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা এবং দুর্নীতির আগাছা উপড়ে ফেলতে হবে।'
রবিবার সকালে আশুলিয়ার বাইপাইলে অবস্থিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ২০১৬/২০১৭ প্রশিক্ষণ অনুশীলনের সমাপণী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিএনসিসির মহাপরিচালক ব্রিগে: জেনারেল এস এম ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৪৫০ জন ক্যাডেট প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
তথ্যমন্ত্রী বক্তৃতার সময় বলেন, 'উন্নয়নের সুফল ঘরে তুলতে হলে দলবাজি ও দুর্নীতির আগাছাও ঝেড়ে ফেলতে হবে।' এছাড়া প্রশিক্ষণার্থীদের গণতন্ত্রের পরিচ্ছন্ন কর্মী উল্লেখ করে মন্ত্রী বলেন, 'জঙ্গিবাদের মত দানবের ধ্বংস করার প্রতিজ্ঞা নিতে হবে ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার কারিগর হওয়ার স্বপ্ন থাকতে হবে।'
এসময় মন্ত্রী ক্যাডেটদের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
