রোনালদো মানেই গোলের অর্ধশতক!

আপডেট : ২২ মে ২০১৬, ১৯:০৮
গত কয়েক মৌসুম ধরেই ৫০টি গোল করে যাচ্ছেন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সার্জি রামোস বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো থাকা মানেই প্রতি মৌসুমে তার থেকে কমপক্ষে ৫০টি গোল পাওয়া নিশ্চিত।
 
তিন বারের বর্ষসেরা তারকা তাদের এবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়েও দলকে অনুপ্রাণিত করবে বলে আশা করেন রিয়াল অধিনায়ক।
 
বরাবরের মতো ২০১৫-১৬ মৌসুমেও দারুণ সময় কাটানো রোনালদো এ মৌসুমে রিয়ালের হয়ে ৪৭ ম্যাচে ৫১ গোল করেন। এবার দিয়ে টানা ছয় মৌসুমে ৫০ বা তার বেশি গোল করার রেকর্ড গড়েন তিনি। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে করেন সর্বোচ্চ ১৬ গোল।
 
২০০৯ সালে সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দেওয়ার পর থেকে প্রায় প্রতি মৌসুমেই নিজেকে আরও ছাড়িয়ে গেছেন রোনালদো। মাদ্রিদের এই ক্লাবে ভালো আছেন বলেও অনেকবার জানিয়েছেন তিনি। কিন্তু গত দুই মৌসুম ধরে বারবারই গুঞ্জন ওঠে, অন্য দলে যোগ দিতে পারেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। রামোস অবশ্য তেমন কোনো সম্ভাবনা উড়িয়েই দিলেন।
 
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একাদশ শিরোপা জয়ের লক্ষ্যে আগামী শনিবার মিলানের সান সিরোয় নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল।