আফগান সীমান্তের কাছে পাকিস্তানি ভূখণ্ডে আফগান তালেবানের শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার পর নতুন নেতা নির্বাচনে বৈঠকে করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। রবিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে তালেবানের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।
এতে গোষ্ঠীটি তাদের নেতার মৃত্যুর বিষয়টি মেনে নিয়েছে বলে জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে মনসুরের ঘনিষ্ঠ একজন সহচর তালেবানের শীর্ষ নেতার নিহত হওয়ার খবর অস্বীকার করেছিলেন।
তালেবান সূত্রগুলো জানিয়েছে, রবিবার তালেবানের রাহবারি শুরার (নেতৃস্থানীয় কাউন্সিল) বৈঠকে পরবর্তী নেতা কে হতে পারেন তা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে গেরিলা কমান্ডার সিরাজুদ্দিন হাক্কানি, মোল্লা মোহাম্মদ ইয়াকুব, মোল্লা আব্দুল কাইয়ুম জাকির এবং মোল্ল শেরিন এর নাম আলোচিত হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।
এদের মধ্যে হাক্কানির মাথার দাম হিসাবে যুক্তরাষ্ট্রের ৫০ লাখ ডলার অর্থপুরস্কার ঘোষণা করা আছে। হাক্কানি তালেবান প্রধান হলে আফগান সরকারি বাহিনী এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনীর প্রতি বিদ্রোহীরা আরো আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তাকে আফগান বিদ্রোহীদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক যুদ্ধবাজ নেতা হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র ও আফগান কর্মকর্তারা। গেল মাসে কাবুলে চালানো হামলাসহ তালেবানের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর জন্য হাক্কানিকে দায়ী করা হয়। এমনই এক হামলায় গেল মাসে কাবুল হামলায় ৬৪ জন নিহত হন।
মনসুরের পর হাক্কানির তালেবান প্রধান হওয়ার সম্ভাবনা তাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। এরপর তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা ইয়াকুবের সম্ভাবনা রয়েছে। পিতার ভাবমূর্তির কারণে তালেবানের ঐক্য ধরে রাখতে তিনি প্রভাব রাখতে পারবেন বলে বিবেচনা করা হচ্ছে।
অপর দুজন মোল্লা কাইয়ুম জাকির ও মোল্লা শেরিন যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো কারাগারের সাবেক বন্দি। বিডি নিউজ।
