কারখানার বিষাক্ত বর্জ্যে ফুলজোড় নদীতে মারাত্মক দূষণ

আপডেট : ২৩ মে ২০১৬, ১৩:১৭
বগুড়া ও সিরাজগঞ্জ জেলার মধ্যদিয়ে প্রবাহিত ফুলজোড় (বাঙ্গালী) নদীর পানিতে উজানের কল-কারখানার নির্গত বিষাক্ত বর্জ্যে মারাত্মক দূষণের সৃষ্টি হয়েছে। যে কারণে বগুড়ার  শেরপুর উপজেলা ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নদীর পানিতে মরে ভেসে উঠছে মাছসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী। দূষিত এ পানি খেয়ে মারা গেছে দুটি উন্নত জাতের গাভী। এছাড়াও উদরাময় ও চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন নদী তীরবর্তী বাসিন্দারা।
 
সোমবার সকালে সরেজমিনে গেলে দেখা যায়, সিরাজগঞ্জের সীমান্তবর্তী বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের সিংহের সিমলা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের পরিবার আহাজারি করছে।
 
আব্দুর রাজ্জাক জানান, রবিবার দুপুরে তার উন্নত জাতের মধ্য বয়সী ‘ফ্রিজিয়ান ও সিন্ধি’ গাভী দুটিকে ফুলজোড় নদীতে গোসল করান। এ সময় গাভী দুটি নদীর পানি পান করে। বাড়িতে নিয়ে আসার পথে মারাত্মক অসুস্থ হয়ে মারা যায়।
 
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় পশু চিকিৎসক ডা. আব্দুল মান্নান জানান, নদীর দূষিত পানির মারাত্মক বিষক্রিয়াতেই গরু দুটির মৃত্যু হয়েছে। গাভী দুটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা বলে গ্রামবাসী জানান।
এ ঘটনায় শেরপুর থানায় রবিবার রাতেই এজাহার করা হয়েছে।
 
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ যাবে। এ ঘটনায় নদী তীরবর্তী বাসিন্দরা আতংকিত হয়ে পড়েছেন।’