এবার নিষেধাজ্ঞা উঠলো জাহিদের

আপডেট : ২৩ মে ২০১৬, ১৫:২০
মামুনুল ইসলাম ও সোহেল রানার পর এবার নিষেধাজ্ঞা উঠলো জাহিদ হোসেনের উপর থেকে। রবিবার সভায় বাফুফে ন্যাশনাল টিমস কমিটির জাহিদের নিষেধাজ্ঞা ওঠানোর সিদ্ধান্ত হয়।
 
দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে জাতীয় দলে ফেরার সুযোগ পেলেন এই ফরোয়ার্ড।  কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আউয়ালের সভাপতিত্বে হওয়া বৈঠকের পর জানানো হয়, গত মঙ্গলবার দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে জাহিদের দেওয়া চিঠির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
ভবিষ্যতে জাতীয় ফুটবল দলের কোড অব কন্ডাক্ট ভাঙলে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করলে নিষেধাজ্ঞা ওঠানোর বিষয়টি বাতিল করে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জাহিদকে সতর্ক করে দিয়েছে ন্যাশনাল টিমস কমিটি।
 
গত ১২ মার্চে মামুনুল ও সোহেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নিষিদ্ধ হওয়া চার জনের মধ্যে ইয়াসিন খান এখনও ক্ষমা চেয়ে বাফুফেকে চিঠি দেননি।
 
মামুনুলদের ছাড়াই এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছিল জাতীয় দল। নিষেধাজ্ঞা ওঠার পর মামুনুল ও সোহেল ক্যাম্পে ফিরেছেন। নিষেধাজ্ঞা ওঠায় জাহিদের ফেরার পথেও আর কোনো বাধা থাকল না।