বগুড়ায় পরিবহন শ্রমিক ফজলার রহমান সরকার (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকাল ১০টায় ফজলার রহমানের বাবা আলী সরকার বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান।
এর মধ্যে একজনকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফজলার রহমান সরকার বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে যাননি। রবিবার সকালে স্থানীয়রা বাড়ির কাছে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
