বড় পরিসরে শুরু হচ্ছে ইএটিএল অ্যাপস প্রতিযোগিতা ২০১৬

আপডেট : ২৩ মে ২০১৬, ১৮:১০
অ্যাপস প্রতিযোগিতা ২০১৬ আরও বড় পরিসরে শুরু হচ্ছে। মঙ্গলবার বিকাল চারটায় রাজধানীর দ্যা ওয়েস্টিন হোটেলে দেশের তরুণ শিক্ষার্থীদের জন্য মোবাইল অ্যাপলিকেশনস (অ্যাপস) তৈরির সবচেয়ে বড় এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
 
এ নিয়ে চতুর্থবারের মতো প্রতিযোগিতাটির আয়োজন করছে এথিকস অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেড (ইএটিএল)। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর কিমিয়াও ফেন ও বাংলাদেশস্থ কানাডিয়ান হাইকমিশনার বেনইত পিয়েরে লারামি। 
 
এবারই প্রথম ওয়ার্ল্ড ব্যাংক লিডস স্পন্সর হিসেবে  যুক্ত হয়েছে। 
 
এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল ও প্রথম আলো) বিগত তিন বছর ধরে এই অ্যাপস প্রতিযোগিতার আয়োজন করে আসছে, যা দেশের একমাত্র বৃহত্তম অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিযোগিতার  প্ল্যাটফর্ম হিসেবে প্রযুক্তি বিভাগের ছাত্র ছাত্রীদের মাঝে জায়গা করে নিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষার মান উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছে। দেশের উচ্চ শিক্ষায় ছেলে মেয়েদের তথ্য ও প্রযুক্তিতে দক্ষ করার জন্য ইএটিএল ও প্রথম আলো-এর এই প্রতিযোগিতায় যুক্ত হয়েছে।
 
ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান গতকাল বলেন, ‘গত তিন বছরের তুলনায় এবার প্রতিযোগিতার পরিসর বাড়ানো হয়েছে। প্রতিযোগিতায় যুক্ত করা হয়েছে নতুন নতুন বিভাগ। প্রতিযোগিতার মাধ্যমে আমরা এমন একটি অ্যাপের ধারণা খুঁজে বের করতে চাই, যেটি একই সঙ্গে দেশে ও বিদেশে আলোড়ন সৃষ্টি করতে পারবে। যে অ্যাপটি ব্যবহার করে আপামর জনসাধারণ উপকৃত হবে।’
 
প্রতিযোগিতার শুরুতে থাকবে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কার্যক্রম ও ধারণাপত্র সংগ্রহ। এবারে আগের চেয়ে বেশিসংখ্যক বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। যাচাইবাছাই শেষে নির্বাচিত ধারণাপত্র নিয়ে শুরু হবে প্রতিযোগিতার মূল পর্ব।
 
এবারেও প্র্রতিযোগিতার প্রথম পুরস্কার ১০ লাখ টাকা। পাশাপাশি বিজয়ীদের এর জন্য সুযোগ রয়েছে ব্যবসা উদ্যোক্তা হবার। কয়েকটি ক্যাটাগরিকে একসাথে করে তিনটি বিভাগ করা হয়েছে।এছাড়া প্রত্যেক বিভাগ থেকে একটি করে প্রথম পুরস্কার হিসাবে ২ লক্ষ টাকা দেয়া হবে। দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী দলগুলোর সদস্যদের জন্য থাকবে স্মার্টফোন, প্রতিযোগিতার আইডিয়া  দেয়া যাবে ৩১ শে আগস্ট পর্যন্ত, সময়সীমা রমজান মাসের জন্য বর্ধিত রাখা হয়েছে কারন আইডিয়া প্রদানপর্বে আয়োজকরা দেশের বিভিন্ন স্কুল কলেজে যাবে ক্যাম্পাস এক্টিভেশনের জন্য।
 
এরপর যথাক্রমে বাছাই পর্ব, বুট ক্যাম্প, প্রথম প্রেজেন্টেশন রাউন্ড, গ্রুমিং শেষে প্রমোশনাল অ্যাক্টিভেশন এবং ফাইনাল টেকনিক্যাল মূল্যায়নেরপর অনুষ্ঠিত হবে গ্র্যান্ডফিনালে। প্রতিযোগিতার ধরন বদলে যাওয়ার কারনে আগ্রহীরা লিঙ্কে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।
 
এই প্রতিযোগিতার লিডস স্পন্সর ওয়ার্ল্ড ব্যাংক, স্ট্র্যাটেজিক পার্টনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, টেলিকম পার্টনার গ্রামীণফোন, মিডিয়া পার্টনার চ্যানেল আই ও টাইটেল পার্টনার হিসেবে আছে প্রথম আলো।