গোদাগাড়ীতে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ২৩ মে ২০১৬, ১৮:৩১
রাজশাহীর গোদাগাড়ীতে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।
 
জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ী গ্রামে খাইরুল নামে এক ব্যক্তি মদ পান করে এসে এলাকার লোকজনকে অশ্লীল ভাষায় গালি গালাজ করে। এ সময় এক নারী প্রতিবাদ করলে খাইরুল ওই নারীর বাড়িতে হামলা চালায়। এই নিয়ে দুইটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
এ সময় গাঙ্গোবাড়ী গ্রামের আনিসুরের ছেলে মোসলিম উদ্দীন (৩০), এমাজ উদ্দীনের ছেলে মজিবুর (৩৫) ও ফজলুর রহমানের ছেলে শফিকুল ইসলামকে (২৭)আটক করে।
 
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, এখনো মামলা হয়নি। এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।