কোপায় অনিশ্চিত সুয়ারেজ!

আপডেট : ২৩ মে ২০১৬, ২১:২৬
কিছুদিন পরই শুরু হচ্ছে লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকা। কিন্তু এই টুর্নামেন্টে উরুগুয়ে মিস করতে পারে তাদের দলের বড় তারকা লুইস সুয়ারেজকে। রবিবার কোপা দেল রের ফাইনালে সেভিয়ার বিপক্ষে ম্যাচে পেশীতে চোট পেয়ে মাঠ ছাড়েন উরুগুয়ের এই তারকা।
 
সুয়ারেজের চোট প্রসঙ্গে বার্সা কোচ এনরিকে বলেন, ‘আমার মনে হয়েছে চোটটা পেশী সংক্রান্ত। চিকিৎসকের পরামর্শ ছাড়া চোটের সার্বিক বিষয় নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’ 
 
বার্সেলোনার শিরোপা জেতার ওই ম্যাচে ৫৮ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছিল সুয়ারেজকে। এমনকি ডাগআউটে বসে কাঁদতেও দেখা যায় তাকে। শেষপর্যন্ত সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা দেল রের শিরোপা জেতে বার্সেলোনা।
 
আগামী ৩ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকার বিশেষ আসর।  এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫ বার এই কাপ জিতেছে উরুগুয়ে। এবারও নিশ্চিতভাবে শিরোপা ঘরে তুলতে চাইবে দলটি। কিন্তু লুইস সুয়ারেজ শেষ পর্যন্ত না থাকলে সেই স্বপ্নে বড় এক ধাক্কাই খাবে দলটি।