পানিতে ডুবে চাচাতো ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

আপডেট : ২৩ মে ২০১৬, ২২:৩৩
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে ডুবে  চাচাত ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
 
মৃত দুই চাচাতো ভাই-বোন হলো- চরবাগডাঙ্গা ইউনিয়নের টিকলীচর গ্রামের মোজাম্মেল হকের ছেলে রমজান (৫), তার ভাই শামসুল হকের মেয়ে লিপি (৭) ও অপরজন সুন্দরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোল্লান গ্রামের কামরুল ইসলামের ছেলে পলাশ (৮)।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাযহারুল ইসলাম ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পদ্মা নদীতে গোসল করার সময় শিশু রমজান ও লিপি ডুবে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা লাশ নদী থেকে তাদের উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
 
এদিকে সুন্দরপুর ইউনিয়নের  গ্রাম পুলিশ সদস্য তরিকুল ইসলাম, জানান নওয়াব জায়গীর গ্রামে নানির বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পলাশ  ডুবে যায়। পরে কয়েকজন তার লাশ দেখতে পেয়ে উদ্ধার করে।