খুলনার অ্যাজাক্স জুট মিল শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ২৪ মে ২০১৬, ১৮:১২
সকল বকেয়া প্রদান, চূড়ান্ত পাওনা এককালীন পরিশোধ ও বিদ্যুৎ সংযোগের দাবিতে খুলনার বন্ধকৃত অ্যাজাক্স জুট মিলের শ্রমিকরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।
 
মঙ্গলবার সকাল ১০টায় নগরীর মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের খুলনা-যশোর মহাসড়কে  এ অবরোধ কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচি চলবে দুপুর একটা পর্যন্ত। টানা তিন ঘণ্টার এ কর্মসূচিতে ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যে কারণে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।
 
অবরোধ চলাকালীন সমাবেশে মিলের সিবিএ’র ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার সিকদার সভাপতিত্ব করছেন।
 
এ সময় বক্তারা বলেন, ২০১৩ সালে মিল বন্ধ হওয়ার পর থেকে স্থায়ী ও অস্থায়ী ১৫ শ শ্রমিক বেকার জীবনযাপন করছেন। মিলের বিদ্যুৎ লাইনও কেটে দেয়া হয়েছে। যে কারণে রাজপথে নামতে তারা বাধ্য হয়েছেন।