ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নির্বাচনী প্রচারণাকালে যুবলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের বাসিন্দা আহত শফিকুল ইসলাম সোহাগ ফকির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার লংগাইর ইউনিয়নের চরবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আওয়ামী লীগ প্রার্থী চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন সোহাগ। এ সময় পিছন থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল আমিন বিপ্লব জানান, প্রতিপক্ষ বিএনপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল হামিদের সমর্থকরা সোহাগের উপর গুলি চালায়।
বিএনপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল হামিদের মোবাইলে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
