সিলেটের ওসমানীনগরে মেম্বার প্রার্থীর লিফলেট (প্রচারপত্র) বিলিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু হয়েছে। নিহত রকিব মিয়া (৩২) উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে উপজেলার গোয়ালাবাজার ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আফতাব মিয়া সমর্থকদের নিয়ে শশারকান্দি গ্রামে গণসংযোগে বের হন। এ সময় কয়েজন শিশু তাদের কাছে লিফলেট চাইলে আফতাব মিয়ার সমর্থক শশারকান্দি গ্রামের জাকির এদের কয়েকটি লিফলেট দেয়। শিশুরা হুড়োহুড়ি করে লিফলেট নেয়ার সময় একারাই গ্রামের দিলবর মিয়ার মেয়ে শিশু মাটিতে পড়ে আহত হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে দিলবর মিয়া উত্তেজিত হয়ে জাকিরকে মারধর করেন। এতে জাকির আহত হন। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় লোকজন মীমাংসা করে দেন।
এরপর আহত জাকিরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করিয়ে দিলবরের ভাই রকিব রাত আটটার দিকে তাকে বাড়ি পৌঁছে দেন। রকিব বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা জাকিরের চাচাতো ভাই আখতার, রিপন ও আখলু গংরা তার উপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় রাতেই রকিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে মঙ্গলবার সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।’
