মির্জাপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

আপডেট : ২৪ মে ২০১৬, ১৩:২৬
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৭নং ওয়ার্শী ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে।
 
সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই ইউনিয়নের মৈশামুড়া এলাকার পংমটং বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।
 
জানা গেছে, আগামী ২৮ মে মির্জাপুর উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। ৭ নং ওয়ার্শী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের কার্যালয়ে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম মল্লিক হুরমহলের (নৌকার) অফিস। সোমবার ভাদগ্রাম বাজারে ছিল নৌকার পক্ষের জনসভা। জনসভায় জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতারা উপস্থিত হয়ে নৌকার পক্ষে ভোট দেয়ার জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বলে জানা গেছে।
 
আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুরমহলের অভিযোগ, জনসভায় বিপুল সংখ্যক ভোটার ও কর্মী সমর্থকের উপস্থিতি দেখে প্রতিপক্ষ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর্জা আব্দুল্লাহেল শাফী ঈর্ষান্বিত হয়। এবং তার নেতৃত্বে কর্মী সমর্থকরা রাতে ওই অফিসে হামলা ও অগ্নিসংযোগ করে।
 
মৈশামুড়া বাজারের নৈশ প্রহরী মো. মগর আলী (৫০) ও বুলু মিয়া (৪৫) বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে আওয়ামী লীগ অফিসে আগুন দেখতে পেয়ে এলাকার লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। কিন্ত কে বা কারা আগুন দিয়েছে তা দেখতে পাইনি।’
 
মীর্জা আব্দুল্লাহেল শাফী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হুরমহলের অভিযোগ ঠিক নয়। তার কর্মী সমর্থকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এ ঘটনা ঘটেছে। এখন তাকে দোষারোপ করা হচ্ছে।’
 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এমন অভিযোগ মৌখিকভাবে তিনি পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ দ্রুত ব্যবস্থা নেয়া হবে।