চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পোস্টার লাগানোর সময় তার সমর্থককে দলীয় প্রার্থীর লোকেরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া যাবে।
নিহত মহসিন উপজেলার ইসলামপুর ইউনিয়নের খতিব নগর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমজান আলীর ছেলে। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সিরাজউদ্দৌল্লাহ দুলালের সমর্থক বলে জানা গেছে।
রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ন কবির জানিয়েছেন, মঙ্গলবার সকালে এলাকার খতিব নগর রাজখালী খালের পাশ থেকে মহসিনের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মুখে জখম করে ও বুকে চাপা দিয়ে মহসিনকে হত্যা করা হয়েছে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিরাজদৌল্লাহ দুলাল বলেন, রাতে আমার নির্বাচনী পোস্টার লাগানোর সময় মহসিনকে হত্যা করা হয়েছে। তিনি দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন চৌধুরী মিল্টনের পক্ষের লোকজনকে দায়ী করেছেন।
তবে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল চৌধুরী মিল্টন বলেছেন, ২৮ মে অনুষ্ঠেয় নির্বাচন বন্ধ করতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
