মাদারীপুরের শিবচর উপজেলার তাজপুর গ্রামে দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে।
সোমবার ও মঙ্গলবার ধর্ষণের এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
ধর্ষণের শিকার দুই শিশুর মধ্যে একজনকে মাদারীপুর সদর হাসপাতালে এবং অপরজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রথম ঘটনা
সোমবার বিকালে ওই গ্রামের প্রতিবেশী এক তরুণ (১৮) তার ঘরে নিয়ে গিয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী আট বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ করে।
মেয়েটির বাবা জানান, শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার আরো অবনতি হলে মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় আটক দুই তরুণের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
দ্বিতীয় ঘটনা
সোমবার বিকালে প্রতিবেশী এক তরুণ (১৯) সাত বছর বয়সী একটি মেয়েকে বাড়ির পাশে নদীর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখান থেকে পাঠানো হয় মাদারীপুর সদর হাসপাতালে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের মিয়া জানান, এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক তদন্ত চলছে।
