১০ জুন শুরু ফেডারেশন কাপ

আপডেট : ২৪ মে ২০১৬, ১৬:১৮
অবশেষে ফেডারেশন কাপের নতুন তারিখ ঘোষণা করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১৫ মে শুরু হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা পিছিয়ে যায়।  আগামী ১০ জুন শুরু হবে ফেডারেশন কাপ।
 
মঙ্গলবার নতুন এই তারিখ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি। খেলোয়াড় সংকটের কারণে ক্লাবগুলো ১৫ মে থেকে খেলতে অনাগ্রহ দেখায়। তাছাড়া, এশিয়া কাপের বাছাইপর্বের জন্য ক্যাম্পে রয়েছেন দেশসেরা ৩০ ফুটবলার।
 
এশিয়ান কাপের প্লে-অফে তাজিকিস্তানের বিপক্ষে আগামী ০২ জুন প্রথম লেগে এবং ০৭ জুন ফিরতি লেগে মাঠে নামবে লাল-সবুজরা। প্রথম লেগের (অ্যাওয়ে) ম্যাচটি হবে তাজিকিস্তানের দুশানবেতে আর ফিরতি লেগের (হোম) ম্যাচটি হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। জাতীয় দলের এই ৩০ ফুটবলারকে ছাড়া ফেডারেশন কাপ খেলতে রাজি ছিল না ক্লাবগুলো। আর এ কারণেই ফেডারেশন কাপ পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিল কমিটি।
 
এজন্য ১০ তারিখ থেকে ফুটবল মৌসুম শুরু করতে যাচ্ছে বাফুফে। এজন্য স্বাভাবিক ভাবেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তারিখ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রায় এক মাস পিছিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ শুরু হবে ১৫ জুলাই।