নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও ব্যাপক ভাংচুর চালিয়েছে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এ সময় তাদের পিটুনিতে অন্তত ১০ জন আহত হয়। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে রসুলপুর ইউনিয়নের জমিদার হাটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রসুলপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলম সেলিমের পক্ষে গণসংযোগ করতে জমিদার হাটে যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ ও জেলা পরিষদ প্রশাসক ডা. এবিএম জাফর উল্যাহ। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শরিয়ত উল্যাহ মিন্টু তার সমর্থকদের নিয়ে নুরুল আলম সেলিমের জমিদার হাট পূর্ব বাজারস্থ নির্বাচনী অফিসে হামলা চালিয়ে নৌকা প্রতীক ও অফিসের চেয়ার টেবিল ব্যাপক ভাংচুর করে। এতে বাধা দেয়ায় হামলাকারীরা পিটিয়ে সেলিমের অন্তত ১০ জন সমর্থককে আহত করে। এর মধ্যে গুরুতর আহত নুর নবী, আবদুল ওহাব, ইউনুছ, রাসেল, সোহেল ও মামুনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজিদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরুল আলম সেলিম অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
