জেডটিই'র সাশ্রয়ী ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা

আপডেট : ২৫ মে ২০১৬, ১৪:৪৪
স্মার্টফোন বাজারে খুব একটা পরিচিতি নেই জেডটিইর। তবুও এই বাজারে দাঁড়ানোর চেষ্টায় ক্ষান্ত দেয়নি ফোন নির্মাতা এই চীনভিত্তিক প্রতিষ্ঠান। কিছুদিন পর পর প্রতিষ্ঠানটি নতুন নতুন স্মার্টফোন আনে বাজারে। ডিভাইসগুলো খুব একটা সাড়া ফেলতে না পারলেও জেডটিইর উপস্থিতির জানান দেয়।
 
এবার 'জেডটিই গ্র্যান্ড এক্স ম্যাক্স ২' নামে একটি ফ্যাবলেট উন্মোচন করেছে জেডটিই। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এতে ডুয়াল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ডুয়াল ক্যামেরার এ ডিভাইস বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে। এ ডিভাইসের মূল্য ধরা হয়েছে ২০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৭০০ টাকা।
 
গ্র্যান্ড এক্স ম্যাক্স ২ ফ্যাবলেটে ১০৮০–১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। এ ডিভাইসে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম ও ১ দশমিক ৫ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
 
২ গিগাবাইট র‍্যামের এই ফোনে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে; যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
 
ডিভাইসটিতে ১৩ মেগাপিক্সেলের অটো-ফোকাস ও এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেলের ফিক্সড ফোকাস রিয়ার ক্যামেরা আছে। পাশাপাশি সেলফি ও ভিডিও চ্যাটিংয়ের জন্য আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
 
IMG0
 
জেডটিই গ্র্যান্ড এক্স ম্যাক্স ২ টুজি, থ্রিজি ও ফোরজি এলটিই নেটওয়ার্কের পাশাপাশি ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ও ইউএসবি টাইপ-সি সংযোগ সমর্থন করবে। এতে ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে।
 
যুক্তরাষ্ট্রের বাজার ছাড়া ডিভাইসটি অন্যান্য দেশের বাজারে কবে নাগাদ আসবে ও এর দাম কেমন হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।