পক্ষপাতদুষ্ট পোস্টকে ফেসবুকের 'না'

আপডেট : ২৫ মে ২০১৬, ১১:২৩
ফেসবুকে কোনো ব্যক্তি বিশেষ বা রাজনৈতিক মতবাদকে সমর্থন বা তুলোধোনা করে লেখা পোস্ট হরহামেশাই চোখে পড়ে। এতে বিরক্তও হন অনেক ফেসবুক ব্যবহারকারী। অনেক সময় ব্যক্তি বা মতবাদপুষ্ট ওই সব পোস্টদাতাদের ব্লকও করে দেন তারা। তবে এখন থেকে আর ব্লকের এই কাজ ব্যবহারকারীদের করতে হবে না; কাজটা করবে খোদ ফেসবুক কর্তৃপক্ষ।
 
ফেসবুক ঠিক করেছে, কোনও রকম রাজনৈতিক পক্ষপাতদুষ্ট খবর বা পোস্টকে নিজেদের প্ল্যাটফর্মে রাখতে দেবে না তারা। সম্প্রতি একটি বৈঠকে এ কথা জানিয়েছেন ফেসবুকের জেনারেল কাউন্সিল কলিন স্ট্রেচ।
 
ফেসবুকের নীতি খুব সোজাসাপ্টা। তারা এই সোশ্যাল মিডিয়াকে একটি রাজনৈতিক পক্ষপাতহীন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চায়। সে জন্য কোনও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট খবর যদি ট্রেন্ডিং নিউজ-এও জায়গা পাওয়ার মতো হয়, তবে তাকেও ঠাঁই দেবে না ফেসবুক।
 
এমনিতে সমীক্ষাই বলছে, এমন কোনও খবর ফেসবুকের ট্রেন্ডিং নিউজ-এ থাকেও না! সাধারণত সেই সব খবরই ট্রেন্ডিংই হয়, যার মধ্যে বিপুল জনসমর্থন থাকে। অথবা থাকে কোনও আনন্দের ছড়াছড়ি।
 
কিন্তু এই ব্যাপারটা অনেকটা আইনের আলগা ফাঁসের মতো! যদি কোনও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট খবর সমর্থকদের প্রচারে ট্রেন্ডিং নিউজ-এ পৌঁছে যায়? তখন? সেই জন্যই পুরো ব্যাপারটাকেই সমূলে ছেঁটে ফেলতে চাইছে ফেসবুক।
 
যদিও ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বেশ কিছু দিন আগে এ সম্পর্কে বলেছিলেন সম্পূর্ণ উল্টো কথা। তার বক্তব্য ছিল, ফেসবুক তো ভার্চুয়াল পৃথিবী! তাই পৃথিবী যে রকম নিরপেক্ষভাবেই সব কিছু ধরে রাখে, ফেসবুকেও তাই হবে। কোনও মতামতকেই ফেরাবে না ফেসবুক।
 
তাহলে কি জাকারবার্গ মত বদলালেন? সে সম্পর্কে কিছু জানা যায়নি। শুধু ফেসবুক এগোচ্ছে রাজনীতি-নিরপেক্ষ হওয়ার দিকে, এটাই আপাতত পাকা খবর! সূত্র- দ্যা গার্ডিয়ান।