মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে ২৮ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মহেশপুরে বিবদমান আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।
বুধবার সকালে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রিপন পাটোয়ারী ও বিদ্রোহী প্রার্থী মহসীনা হকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, শফিকুল দেওয়ান (৪০), শাহজাহান ব্যাপারী (৪১), পাভেল দেওয়ান (৪০), শুক্কুর (৩৫), সজিব (২৮) বাশার দেওয়ান (২৭)। এদের মধ্যে শফিকুল দেওয়ান ও শুক্কুরকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
