আওয়ামী লীগ কর্মী দুই ভাইকে গুলি করে হত্যা

আপডেট : ২৫ মে ২০১৬, ১৭:২৩
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামে আওয়ামী লীগ কর্মী দুই সহোদরকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। নিহতরা হলেন, পূর্ব বশিকপুর গ্রামের মুন্সি বাড়ির শরিফ উল্যা ভূঁঞার ছেলে মো. ইসমাইল হোসেন চৌধুরী (৪৭) ও  ইব্রাহীম হোসেন রতন (৪২)।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই গ্রামের বৈদ্দের বাড়ির মোড়ে আনোয়ারের চা দোকানে এ ঘটনা ঘটে।
 
নিহতদের চাচাতো ভাই হারুনুর রশিদ জানান, সকালে দুই ভাই বাড়ির পাশে মাছের ঘেরে খাওয়ার দিয়ে বৈদ্দের বাড়ির মোড়ের ওই দোকানে বসে চা পান করছিলেন। এ সময় সিএনজি-চালিত অটোরিকশায় করে আসা চার/পাঁচজন যুবক খুব কাছ থেকে তাদের গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলে দুইজনের মাথার খুলি উড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
 
স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মাথায়, হাত ও শরীরের বিভিন্ন অংশে গুলি করা হয়েছে।
 
স্থানীয়রা জানায়, মো. ইসমাইল হোসেন চৌধুরী ও ইব্রাহিম হোসেন রতন আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দুই বছর আগে তারা আওয়ামী লীগে যোগ দেয়। বর্তমানে তারা আওয়ামী লীগের কর্মী হিসেবে এলাকায় পরিচিত।
তাদের ধারণা, দুই ভাইকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হত্যা করেছে।