পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে নয় পৌর এলাকায় ভোট শেষ হয়েছে, শুরু হয়েছে গণনা।
নির্বাচন কমিশনের সহকারী সচিব রাজীব আহসান জানান, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলে। নির্বাচনী এলাকায় এদিন ছিল সাধারণ ছুটি। এদিন নরসিংদীর ঘোড়াশাল ও রায়পুরা, লক্ষ্মীপুরের সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর সদর ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভায় ভোট হয়েছে।
সকালে ভোট শুরুর দুই ঘণ্টার মাথায় ফেনীর ছাগলনাইয়ায় গোলযোগের খবর পাওয়া গেলেও বাকি আট পৌর এলাকায় ভোটগ্রহণ ছিল মোটামুটি শান্তিপূর্ণ।
ছাগলনাইয়া পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আমজাদ হোসেন জানান, সেখানে জালভোট দেওয়ায় ৭০টি ব্যালট পেপার বাতিল করা হয়।
ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে অনিয়ম ও ভোট জালিয়াতির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র পদে বিএনপির প্রার্থী মো. আলমগীর।
মেয়র পদের ২৭ প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদ মিলিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪১৩ জন। স্থানীয় সরকারের এই নির্বাচনে এবার মেয়র পদে ভোট হচ্ছে দলীয়ভাবে।
