কুমিল্লায় আবুল কাসেম টুটুল (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে কুমিল্লা মহানগরীর বাগিচাগাঁও ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে অস্ত্র-গুলি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। সে জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মুড়িহারা গ্রামের আবুল হাসেম মেম্বারের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ওসি আবদুর রব জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে নগরীর বাগিচাগাঁও এলাকার ডায়াবেটিক হাসপাতালের সামনের সড়ক থেকে আবুল কাসেম টুটুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে গুলিভর্তি রিভলবার, গুলিভর্তি পিস্তল, একটি চাপাতি উদ্ধার করা হয়। মুক্তিপণ আদায়সহ অস্ত্র-ডাকাতি ও বিভিন্ন অপরাধে কোতোয়ালি মডেল, বরুড়া ও জেলার বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে।
