নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি ভোজ্যতেল কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে সাতজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেল তিনটার দিকে মেঘনা গ্রুপের মালিকানাধীন ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে। পরে দগ্ধ সাতজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে পৌঁনে পাঁচটার দিকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। আগুনের কারণ জানাতে পারেনি কেউ।
চিকিত্সকরা জানিয়েছেন, দগ্ধ ফয়সাল আহমেদের (২৫) শরীরের ৭৫ শতাংশ, রানার (২২) ৪৩ শতাংশ, মাসুদুর রহমানের (৩০) ২৫ শতাংশ, আবদুল হাইয়ের (২৬) ২০ শতাংশ, মাহবুবের (৩০) ২৬ শতাংশ, হুমায়ুন কবিরের (৪৫) ১৬ শতাংশ পুড়ে গেছে। এঁরা সবাই ওই ভোজ্যতেল কারখানার শ্রমিক বলে জানা গেছে।
