জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো জাতীয় নজরুল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রামে বর্ণিল এই অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, জাতীয় কবি নজরুল ইসলামের অনেক স্মৃতি বিজড়িত এই চট্টগ্রামে। চট্টগ্রামে নজরুলের স্মৃতি ধরে রাখতে নজরুল ইনস্টিটিউটের তত্ত্বাবধানে চট্টগ্রামে নজরুল স্মৃতিকেন্দ্র গড়ে তোলা হবে। চট্টগ্রামে নজরুল স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠিত হলে এর মাধ্যমে নজরুল সাহিত্যচর্চার প্রচার ও প্রসার ঘটবে।
মন্ত্রী বলেন, ইতিমধ্যে চট্টগ্রামে নজরুল স্মৃতিকেন্দ্র নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর জন্য জায়গা পাওয়া গেলেই স্মৃতিকেন্দ্রের নির্মাণকাজ শুরু হবে।
১৯২৬, ১৯২৯ ও ১৯৩২ সালে নজরুল চট্টগ্রাম এসেছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানকার নদী, পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ তার লেখনিতে ফুটে উঠেছে। তাই চট্টগ্রামে নজরুলে এই স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই এবার চট্টগ্রামে জাতীয়ভাবে নজরুল উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ উপস্থিত থাকার কথা থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী বেগম খিলখিল কাজী, কবি আবুল মোমেন প্রমুখ।
