মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরি ঘাটের পল্টুন ঝড়ে পদ্মায় ভেসে গেছে। এতে বুধবার বিকেল ৪টা থেকে এ ঘাট দিয়ে রো রো ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে অপর দুইটি ঘাট দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া ঝড়ের সময় ফেরি, লঞ্চ , সিবোট ও ট্রলার চলাচল বন্ধ থাকে।
বিআইডব্লিউটিসির এজিএম খালেদ নেওজান জানান, বুধবার বিকেল ৪টার দিকে আকষ্মিক ঝড় শুরু হয়। এ সময় শিমুলিয়া ঘাটের ৩নং রো রো ফেরি ঘাটের পল্টুনটি ঝড়ের তোড়ে ৭টি ক্যাবেল ছিড়ে পাশের চ্যানেলের চরে নিয়ে যায়। এ সময় পল্টুনটিতে দুটি রো রো ফেরিসহ ৪টি ফেরি নোঙর করা ছিল। রো রো ফেরি শাহ আলীর চালকের বুদ্ধিমত্তার কারণে তাৎক্ষণিক ফেরি চালু করে পল্টুনটি সঙ্গে তাল মিলিয়ে চালিয়ে নেয়ায় এটি বেশি দূরে নিয়ে যেতে পারেনি। পরে ঝড় থেমে গেলে বিকেলে ৫টার দিকে রো রো ফেরি ঘাট ছাড়া অপর দুটি ঘাট দিয়ে ফেরি চলাচল শুরু হয়।
