আজীবন সম্মাননা পেলেন ওস্তাদ জুলহাস উদ্দিন আহমেদ

আপডেট : ২৫ মে ২০১৬, ২২:২৮
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই আয়োজিত নজরুল মেলায় ওস্তাদ জুলহাস উদ্দিন আহমেদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
নজরুল সঙ্গীত চর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ ৮৫ বছর বয়সী এ শিল্পীকে এ সম্মাননা প্রদান করে চ্যানেল আই।
 
তার হাতে সম্মাননা ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ মেলায় আগত অতিথিরা। এ সময় আরো উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য জহিরউদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, চিত্রশিল্পী হাশেম খান প্রমুখ।
 
সম্মাননা গ্রহণ করে ওস্তাদ জুলহাস উদ্দিন আহমেদ চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'নজরুলের ত্রিশ ধরনের গান রয়েছে। আমাদের দুখুমিয়া অনেক দুঃখকষ্টে জীবন যাপন করেছেন। আমাদের জন্য রেখে গেছেন তার অফুরন্ত গান আর গল্প-কবিতার সম্ভার। তাইতো কবি আমাদের মাঝে চির উন্নত মমশির।'
 
তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন খালিদ হোসেন, শাহীন সামাদ, রাহাত আরা গীতি, রওনক আরা সোমা, শহীদ কবির পলাশ ও সুরসপ্তকের শিল্পীরা। আরো পরিবেশিত হয় নজরুলের গানে নৃত্য ও শিশুনৃত্য।
 
মেলায় প্রবীনদের পাশাপাশি ছবি এঁকেছে শিশু শিল্পীরাও। ছিল ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০টি স্টল। স্টলে স্টলে প্রদর্শিত হয় নজরুল গ্রন্থ, নজরুলকে নিয়ে লিখিত গ্রন্থ, নজরুল চিত্রকলা, নজরুলসঙ্গীতের রেকর্ড কাভারের প্রদর্শনী, নজরুল সংক্রান্ত ভিডিও সিডি, নজরুলের গল্পগ্রন্থ থেকে নির্মিত চলচ্চিত্র।