কবি নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা: নাসিম

আপডেট : ২৫ মে ২০১৬, ২৩:৫৫
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের  মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন কবি নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক স্নেহ দিয়ে কবি নজরুলকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। ভীনদেশে কবি নজরুলকে অনাদর করা হয়েছে। কবি নজরুল ছিলেন দারিদ্র্যের এবং নিবেদিত মানুষের কবি। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠ। সত্য ও ন্যায়ের পক্ষে আমাদেরও বিদ্রোহ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের বিজ্ঞানমনস্ক অসাম্প্রদায়িক মানুষ হতে হবে। কবি নজরুল এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছেন।’ মন্ত্রী কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ই.সি.জি, এক্সরেসহ বিভিন্ন যন্ত্রপাতি প্রদানের আশ্বাস প্রদান করেন।
 
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলমের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, বিটিভি’র সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ম. হামিদ, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক শান্তনু কায়সার এবং মাননীয় ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মো: আমিনুল ইসলাম। সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা সূচনা সঙ্গীত পরিবেশন করেন।
 
পরে ‘নজরুলের দার্শনিকতা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে সভাপতিত্ব করেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক শান্তনু কায়সার। ‘নজরুলের প্রেম সঙ্গীত: দর্শন ও নন্দনতত্ত¡’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব। ‘ঔপনিবেশিক শাসনবৃত্তে নজরুলের উপনিবেশ বিরোধী চেতনা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক রেজাউল ইসলাম রেজা। প্রবন্ধ দুইটির আলোচক হিসেবে আলোচনা করেন যথাক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: মাহবুব হোসেন এবং একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।
 
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি চারুকলা বিভাগ কর্তৃক আয়োজিত বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী- ২০১৬ এরও আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। শতাধিক ছবি এই প্রদর্শনীতে স্থান পায়। 
 
শেষে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রযোজনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি নজরুলের গান, কবিতা, নৃত্য অনুষ্ঠিত হয়। সবশেষে কাজী নজরুল ইসলাম রচিত, নুসরাত জাহান শিমু’র নির্দেশনায় নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের পরিবেশনায় ‘বাদল বরিষণে’ নাটক পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজজোহরা সঙ্গীত পরিবেশন করেন।