ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষে চার জেলায় আহত হয়েছেন ১৫ জন। আহতদের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকরা রয়েছেন।
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, রহিমপুর ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে একটি প্রাইভেট কার ভাঙচুর করে। এ সময় বিএনপি চেয়ারম্যান প্রার্থীর পাঁচ সমর্থক আহত হন। এলাকাবাসী হামলাকারী দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করে। বুধবার বেলা ১২টায় ১নং রহিমপুর ইউনিয়নের পশ্চিম কালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পুতুল মিয়া (৩৫), খোকন মিয়া (৪২), সিরাজ মিয়া (৩০), হেলাল মিয়া (৩০) ও বাহার মিয়া (৩৫)। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর প্রতিনিধি জানান, বড়াইগ্রাম সদর ইউপি নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে আওয়ামী লীগ এবং বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে যুবলীগ নেতা শহীদুল ইসলাম শহীদ (৩৮), ছাত্রলীগ নেতা শাহাবুল ইসলাম (২৪) ও নাজমুল ইসলামকে (২২) বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর অফিস জানায়, জেলার সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রার্থীর তিন সমর্থক প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে ঐ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কলাখালী গ্রামের মিরাজ সরদার (২৪), চুঙ্গাপাশা গ্রামের রাজু শেখ (২৫), কচুয়া উপজেলার নাদিম শেখ (২৪)। শেষের জন ভাড়ার মোটর সাইকেল চালক।
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মথুরাপুর শিতলীপাড়া বাজারে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান মোল্লাকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের কর্মীরা। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
