আগামী ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করা হবে। নির্বাচনে কোন প্রকার শৈথিল্য দেখালে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাল একটি নির্বাচন উপহার দিতে প্রিজাইডিং অফিসারদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রিজাইডিং অফিসাররা নিজেদের সহকর্মী ও নিরাপত্তায় নিয়োজিত আইন শৃংখলা বাহিনীর সদস্যদের মাধ্যমে ব্যালট পেপার ও ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ করে সাধারণ ভোটারদের ভোট দেয়া নিশ্চিত করতে হবে।
বুধবার বিকেলে আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন কাজে নিয়োজিত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণে একথা বলেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম।
সচিব বলেন, ভোট গ্রহণের কাজে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আনসার, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যসহ প্রতিটি কেন্দ্রে ৩৫ জনের অধিক সদস্য থাকবে। এ ছাড়া বিজিবি, র্যাব, পুলিশের স্টাইকিং ফোর্স, মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে। মুষ্টিমেয় গুটিকয়েক সন্ত্রাসী ব্যালট লুট বা জোর করে কেন্দ্র দখল করে ভোট ছিনতাই করার সাহস পাবেনা।
তিনি প্রিজাইডিং অফিসারদের বিভিন্ন দায়িত্ব যথাযথ ভাবে পালন করার জন্য নির্দেশ প্রদান করেন এবং সতর্কতার সঙ্গে সঠিকভাবে দায়িত্ব পালন করে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করতে আহ্বান জানান।
