নেত্রকোনার বারহাট্টা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো আস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার ছোট কৈলাটী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহীদ মিয়া (৬০) একজন কৃষক।
এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭জন। গুরুতর আহত শহীদ মিয়ার স্ত্রী জহুরা খাতুন (৫০), জহিরুল ইসলাম (২৫), আবদুর রশিদ (৩০) ও সাইদুল মিয়াকে (৩২) বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বারহাট্টার ছোট কৈলাটী গ্রামের শহীদ মিয়ার সঙ্গে একই গ্রামের ছন্দু মিয়া ওরফে চন্দন ও তার ভাই কাসেম মিয়ার দীঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শহীদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
বারহাট্টা থানার ওসি মো. সালেমুজ্জামান নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
