সুন্দরবনে দুর্বৃত্তের হামলায় এক জেলে গুরুতর আহত

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৮:৫২

সুন্দরবনে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে আবুল কাসেম ওরফে সেলিম (৫৫) নামে এক জেলে গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের বড় পদ্মাবতী খালের চর থেকে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে। পরে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে কারা তার উপর হামলা করেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত আবুল কাসেমের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সুন্দরবনে মাছ শিকার করতে যাওয়া জেলে বাচ্চু হাওলাদার বলেন, সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের বড় পদ্মাবতী খালের বিভিন্ন স্থানে আমরা মাছ শিকার করছিলাম। মঙ্গলবার সকাল দশটার দিকে চরে এক জেলের চিৎকার শুনে সেখানে যাই। গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। পরে বিষয়টি মোংলা কোস্টগার্ডকে জানাই। তারা এসে ওই জেলেকে উদ্ধার করে। 

আরো পড়ুন: জাবালে নূরের মতো ঢাকার কোনো রুটে চলবে না সু-প্রভাত!

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জীবিতোষ বিশ্বাস জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশংকাজনক।

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, আমরা হামলার খবর শুনেছি। তিনি সুস্থ হলে ঘটনা শুনে পুলিশ আইনানুগ ব্যবস্থা  নেবে।

ইত্তেফাক/অনি