স্বামীর মরদেহ বাড়ি নেয়ার পথে স্ত্রীও লাশ হলেন

আপডেট : ২৬ মে ২০১৬, ১৩:২৯
নেত্রকোণার এক নারী স্বামীর মরদেহের সঙ্গে গ্রামের বাড়িতে লাশ হয়ে ফিরলেন। নিহত রফিকা চৌধুরী (৫৫) জেলার মোহনগঞ্জ থানার জনদপুর এলাকার গোলাম মোহাম্মদ তালুকদারের স্ত্রী ছিলেন।
 
প্রসঙ্গত, দুইদিন আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার স্বামী মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ তালুকদার মারা যান।
 
নিহতের জামাতা শামিম আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে তার শ্বশুর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ তালুকদারের মরদেহ একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে নেত্রকোণা গ্রামের বাড়ি নেয়া হচ্ছিল। শাশুড়িসহ চারজনকে বহনকারী অন্য একটি মাইক্রোবাস মরদেহবাহী অ্যাম্বুলেন্সকে অনুসরণ করে বাড়ি যাচ্ছিল। রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে  উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রফিকা নিহত হন। এতে আহত হন মো. আনিসুর রহমান (৩৫), শায়লা বেগম (৩২) ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. ফজলুল হক আনন্দ (৬০)। আহতদের ঢাকার ট্রমা হাসপাতালে এবং রফিকার লাশ তার স্বামীর লাশ বহনকারী অ্যাম্বুলেন্সে করে গ্রামের উদ্দেশে পাঠানো হয়।