শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

আপডেট : ২৬ মে ২০১৬, ১৩:৫০
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক ইসমাইল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
বৃহস্পতিবার জেলা শিক্ষা অফিসার অশোক কুমার সমদ্দার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
অভিযোগে জানা গেছে, ১৫ মে প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন তার সহকারী শিক্ষিকা ফারজানা রহমান বিথীকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় একপর্যায়ে প্রধান শিক্ষক তাকে জাপটে ধরেন। ওই দিন বিকেলে শিক্ষিকা ফারজানা রহমান এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমানকে বরাবার  লিখিত অভিযোগ দেন। ঘটনাটি  এলাকায় জানাজানি হলে পরের দিন সকালে স্থানীয় জনতা, শিক্ষার্থী  ও অভিবাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ গণরোষ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
এ ঘটনায় ১৬ মে উপজেলা শিক্ষা অফিসার ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ পাঠান। ঘটনার ১০ দিন পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো।