প্রতিবন্ধীদের জন্য ৩১৪৮ কোটি টাকা বরাদ্দের দাবি

আপডেট : ২৬ মে ২০১৬, ১৫:১৩
২০১৬-১৭ সালের বাজেটে দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে ১৪টি মন্ত্রণালয়ের কর্মসূচিতে ৩ হাজার ১৪৮ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম।
 
আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে লিখিত এই দাবি তুলে ধরা হয়।
 
প্রতিবন্ধী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু সংস্থার নেতাদের নিয়ে মন্ত্রীর কাছে যান।
 
মতিন খসরু বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ প্রশিক্ষণ চাই, যাতে তারা নিজের পায়ে স্বাবলম্বী হিসাবে দাঁড়াতে পারে। আমরা কারও ভিক্ষাবৃত্তি বা করুণার ওপর বাঁচতে চাই না। সম্মান ও সম মর্যাদার ভিত্তিতে বাঁচতে চাই।
 
প্রস্তাবনায় প্রাথমিক ও গণশিক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ, মহিলা ও শিশু, স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া, গণপূর্ত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, আইসিটি, সংস্কৃতি, পরিকল্পনা এবং শ্রম ও কর্মসংস্থান- এই ১২টি মন্ত্রণালয়ের মাধ্যমে ২৪০ কোটি টাকা থোক বরাদ্দ দেয়ার দাবি জানানো হয়।