তৃণমূলের তথ্য জানাবেন ১০ হাজার ‘ইনফো লিডার’: পলক

আপডেট : ২৬ মে ২০১৬, ১৯:০৯
 
প্রতিবেদন, নিবন্ধ লেখা, আউট সোর্সিং ও ই-কমার্সের বিষয়ে সক্ষমতা বাড়াতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) দশ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ইউডিসি উদ্যোক্তাদের জন্য মাস্টার ট্রেইনার তৈরির প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি।
 
জুনাইদ আহমেদ পলক  বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘তৃণমূলের তথ্য জানালা’ কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলার এসব উদ্যোক্তাদের আউট সোসিং ও ই-কমার্সের উপর প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা ইউডিসিতে মিনি বিজনেস প্রসেস আউটসোর্সিং সেন্টার (বিপিও) পরিচালনায় দক্ষ হয়ে উঠে।
 
তিনি বলেন, ইউডিসি উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক ফিচার ও প্রতিবেদন লেখায় দক্ষ করে তোলা হবে, যাতে তারা তৃণমূলের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার সুযোগ সৃষ্টি করে।
 
প্রতিমন্ত্রী বলেন, ইউডিসি উদ্যোক্তাদের আয় বৃদ্ধিতে আউটসোর্সিং ও ই-কমার্সের ব্যবহারিক ও প্রায়োগিক দিকের উপর প্রশিক্ষণ দেয়া হবে। এতে করে একজন উদ্যোক্তা এলাকার অন্যদের প্রশিক্ষণ দিয়ে গ্রামের তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান সুযোগ প্রসারিত করতে সক্ষম হবে।
 
ভবিষ্যতে প্রতিটি ডিজিটাল সেন্টারকে এক একটি বিপিও সেন্টার হিসেবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনায় রয়েছে বলে জানান দিনি।
 
অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।