বোমা তৈরিকালে বিস্ফোরণে কবজি বিচ্ছিন্ন, অপরজনের চোখ ক্ষত-বিক্ষত

আপডেট : ২৬ মে ২০১৬, ১৬:১৭
কুমিল্লার তিতাস উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে একজনের দুই হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় অপর এক জনের ডান চোখ ক্ষত-বিক্ষত হয়ে গেছে।
 
বুধবার রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের কাউরিয়ারচর গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী সখিনা বেগম (৪০) ও মো. ডালিমকে (২৫) আটক করা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বুধবার রাত একটায় উপজেলার কাউরিয়ারচর গ্রামে বোমা তৈরি করছিল ওই গ্রামের সিদ্দিকুর রহমান (২০) ও ইউনুস মিয়া (১৭)। এ সময় বোমার বিস্ফোরণ ঘটলে সিদ্দিকুরের হাতের কবজি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবং ইউনুসের চোখ ক্ষত-বিক্ষত হয়ে যায়। দ্রুত স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
 
বৃহস্পতিবার বিকাল সোয়া তিনটার দিকে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘কলাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিমের পক্ষের লোকজন বোমা তৈরি করছিল। এ সময় এ ঘটনা ঘটে।’