স্কুলছাত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে, গ্রেফতার ২

আপডেট : ২৬ মে ২০১৬, ১৯:০৮
বগুড়ার শেরপুর উপজেলায় এক স্কুলছাত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে  কোচিং সেন্টারের পরিচালকসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার খামারকান্দি বাজারপাড়ার আব্দুস সামাদের ছেলে স্থানীয় এবিসি কোচিং সেন্টারের পরিচালক আবু রায়হান তাজু (২৫) ও জয়নগর গ্রামের আলাউদ্দিনের ছেলে একই কোচিং সেন্টারের ছাত্র শাহিন আলম (১৭)।
 
বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শেরপুর থানায় এই দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
 
জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি স্থানীয় খামারকান্দি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলের পাশাপাশি মেয়েটি এবিসি কোচিং সেন্টারে লেখাপড়া করে। এই সুযোগে কোচিং সেন্টারের পরিচালক মোবাইলে মেয়েটির ছবি ধারণ করেন। পরে কম্পিউটারের মাধ্যমে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেন কোচিং সেন্টারের পরিচালক আবু রায়হান তাজু ও সেখানকার ছাত্র শাহিন আলম। 
 
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, গত বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী মেয়ের বাবা লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগ তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যাওয়াই তাদের বৃহস্পতিবার ভোররাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে।