‘নারী শিশু নির্যাতন মামলায় আপনাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ প্রদান করেছে আদালত। বিশেষ প্রয়োজনে নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করুন...।’
এ জাতীয় কথা লিখে বিভিন্ন ব্যক্তির মোবাইলে মেসেজ পাঠাতো চট্টগ্রামের এক প্রতারক। এতে আতঙ্কিত হয়ে অনেকে তড়িঘড়ি করে প্রতারকের কাছে ফোন করতো। এ সময় অবস্থা বুঝে ওই প্রতারক নিজেকে কখনো ম্যাজিস্ট্রেট আবার কখনো আইনজীবী, দুদক, সিআইডি বা পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ দাবি করতো। এভাবেই দীর্ঘদিন ধরে প্রতারণার ফাঁদ ফেলে নিরীহ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে মো. মোস্তাফিজুর রহমান নামের ওই প্রতারক।
তবে ছলচাতুরি করে বেশিদিন টিকতে পারলো সে। বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা বেড়িবাঁধ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ছয়টি সিম উদ্ধার করা হয়।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মো. আনোয়ার হোসেন ইত্তেফাককে বলেন, গ্রেফতারকৃত মোস্তাফিজ জিজ্ঞাসাবাদে জানায়- সে ইতিপূর্বে ঈগল পরিবহনের বাসের হেলপার হিসেবে কাজ করত। হেলপার হিসেবে কাজ করার সুবাদে সে বিভিন্ন ব্যক্তির নাম, পরিচিতি ইত্যাদি ব্যবহার করার বিষয়টি রপ্ত করে। সে বিভিন্ন সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তির পরিচয় প্রদান করে প্রতারণার মাধ্যমে বিভিন্ন কৌশলে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন, টেন্ডার বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, নিখোঁজ বিজ্ঞপ্তি থেকে সে বিভিন্ন ব্যক্তির নাম-ঠিকানা সংগ্রহ করতো।
