অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট : ২৬ মে ২০১৬, ২১:০৮
মনপুরায় ছয়মাসের অন্তঃসত্ত্বা ফাতেমাকে (১৮) পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী মনির হোসেন হাওলাদারকে (২৫) আটক করেছে পুলিশ।
 
বুধবার বিকেল সাড়ে ৪টায় হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিনের ৮নং ওয়ার্ডের গগন মেম্বার বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। বৃহস্পতিবার সকাল ৭টায় পুলিশ লাশটি উদ্ধার করে মযনাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
 
জানা যায়, গত বুধবার বিকেলে পিঠা খাওয়াকে কেন্দ্র করে স্বামী মনির ছয় মাসের অন্তঃসত্ত্বা ফাতেমাকে লাঠি দিয়ে মারধর করলে মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামী মনির হোসেন পলাতক ছিল। পরে বৃহস্পতিবার সকাল ৮টায় পুলিশের এসআই মো. আলী জংলারখাল থেকে মনিরকে আটক করে।
 
স্থানীয়রা জানান, চট্টগ্রামের বাঁশখালী থানার পশ্চিম বলীগাঁও গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. জসিম উদ্দিনের মেয়ে ফাতেমার সঙ্গে মনপুরা চরফৈজুদ্দিন গ্রামের গগন মেম্বারের ছেলে মো. মনির হাওলাদারের সাত মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফাতেমার সঙ্গে স্বামী মনিরের ঝগড়া হতো।
 
মনপুরা থানার ওসি মো. শাহীন খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলায় পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।