মাগুরায় সিসি ক্যামেরা বসিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্যে'র পর এবার সড়ক, মহা-সড়কে অপরাধ দমনে বসানো হচ্ছে একাধিক পুলিশ বক্স।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা ও ইছাখাদা এলাকায় মুক্তিযোদ্ধা প্রয়াত আছাদুজ্জামান এমপি ও প্রয়াত পৌর মেয়র আলতাফ হোসেনের নামে দুটি পুলিশ বক্স স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কামরুল লাইলা জলি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুলিশ বক্স দুটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এহসান উল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রমুখ।
মাগুরা জেলা পুলিশের উদ্যোগে প্রাণ আরএফএল-এর সহযোগিতায় এ পুলিশ বক্স দুইটি স্থাপন করা হয়েছে। পরবর্তীতে মুক্তিযোদ্ধা ও প্রয়াত জনপ্রতিনিধি ও সমাজ সেবকদের নামে প্রতিটি সড়কে এ ধরনের আরো অন্তত ১০টি বক্স স্থাপন করা হবে বলে জানান মাগুরার পুলিশ সুপার এহসান উল্লাহ।
তিনি জানান, 'পৌর মেয়রসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে মাগুরা পুলিশ এ পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রায় ৫০০ সিসি ক্যামেরা স্থাপন করেছে। সিসি ক্যামেরা স্থাপনের ফলে গোটা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের হাতের মুঠোয় চলে এসেছে। এর ফলে বিশেষ করে শহর কেন্দ্রিক মাস্তানি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, ইভটিজিং প্রায় বন্ধের পথে। থানাগুলোতে মামলার সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।'
২৪ ঘণ্টা পুলিশী পাহারা ও চেকিংয়ের ব্যবস্থা থাকবে। যাতে অপরাধীরা মাগুরা জেলায় এসে কোন ধরনের অপরাধ করে পার না পায়। খবর- বাসস।
