কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে ওয়াগ্গাছড়া জোন (১৯ বিজিবি) ঢংছড়ি চেকপোস্ট এলাকায় জিপ গাড়ি (চাঁদের গাড়ি) ভর্তি চোরাই কাঠ পাচার করতে গিয়ে বিজিবির ধাওয়া খেয়ে পালানোর সময় গাড়ি চাপা পড়ে সাদ্দাম হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
পরে জাবেদ আলী নামে আরেকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরো একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এই ঘটনার জের ধরে উত্তেজিত জনতা ঢংছড়ি ক্যাম্পের গোল ঘর এবং চেকপোস্টে আগুন ধরিয়ে দেয়।
১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁদের গাড়ি ভর্তি চোরাই কাঠ পাচার করার সময় তারা বিজিবির টহল দলের সামনে পড়ে। বিজিবির সদস্যদের দেখে কাঠ চোররা দ্রুত পালানোর সময় হঠাৎ কাঠবোঝাই চাঁদের গাড়ি উল্টে যায়। এসময় সাদ্দাম হোসেন ঘটনাস্থলে মারা যান।
লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান আরো বলেন, বন সন্ত্রাসীরা যাতে সংরক্ষিত বনের কাঠ চোরাই পথে পাচার করতে না পারে সেজন্য ঢংছড়ি ক্যাম্প দায়িত্ব পালন করে আসছে। সন্ধ্যার পর ঢংছড়ি সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ক্ষতিগ্রস্তরা এই ঘটনায় উত্তেজিত হয়ে ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঢংছড়ি ক্যাম্পের গোল ঘর এবং চেকপোস্ট পুড়ে যায়। এছাড়া বিদ্যুতের তারে আগুন ধরে গেলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিজিবির বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করার অপরাধে জুয়েল নামে একজনকে তাৎক্ষণিক আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে ১৯ বিজিবির অধিনায়ক জানান।
