আসামি গ্রেফতার নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৭ মে ২০১৬, ১০:৩১
ভোলা সদর উপজেলায় আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রোমান নামে এক যুবক নিহত হয়েছেন। 
 
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে জনতা বাজারে এ ঘটনা ঘটে।এ সময় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এদের  মধ্যে গুলিবিদ্ধ এক নারী ও শিশুর অবস্থা গুরুতর।  
 
গুলিবিদ্ধরা হলেন- নিরব (১২) ও আমিরন (৫৫)। এ রিপোর্ট লেখা পর্যন্ত এক পুলিশের এসআই গৌরাঙ্গসহ চারজনকে  ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর সাদা পোশাকের পুলিশ মিজানুর রহমান নামে এক যুবককে গ্রেফতারের পর স্থানীয় জনতা বাজারে নিয়ে বেদম মারধর করে। এ সময় স্থানীয়রা বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে মিজানকে পুলিশ জনতা বাজারের পাশের অস্থায়ী পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। সেখানে মিজানকে ছাড়িয়ে আনতে স্থানীয়রা পুলিশের ওপর চড়াও হয়। এক পর্যায়ে পুলিশ-জনতা সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে বেলাল জমাদারের ছেলে নোমান (১৮) ঘটনাস্থলেই নিহত হন। 
 
এ ব্যাপারে ভোলার এএসপি সদর সার্কেল মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, ভোলার রাজাপুর জনতা বাজার ক্যাম্পে স্থানীয় লোকজন অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা চালায়। তখন পুলিশ গুলি ছুড়ে। এতে একজন নিহত হয়েছে তিনি জানান।