সাতক্ষীরায় ঝড়ে অর্ধশত ঘরবাড়ি লণ্ডভণ্ড

আপডেট : ২৭ মে ২০১৬, ১৪:২৫
সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের তিনটি গ্রামে ২০ মিনিটের কালবৈশাখীতে কমপক্ষে অর্ধশতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।
 
সরেজমিনে দেখা গেছে, ঝড়ে গ্রামের রাস্তায় ভেঙে পড়েছে গাছপালা। অনেক ঘরবাড়ি ভেঙে পড়ায় খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে।
 
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের খানপুর, খড়েরডাঙ্গা ও কেসমতঘোনা গ্রামে ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়।
 
শুক্রবার সকালে তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওই এলাকা পরিদর্শন করেন।
 
খানপুর গ্রামের হবি সরদার জানান, তিন দিন আগে তিনি মেয়ের বিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জামাই-মেয়ে বেড়াতে এসেছে। কিন্তু ঝড়ে ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে।
 
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদ উদ্দীন জানান, বিষয়টি শুনে তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠিয়েছেন।