মরিনহোকে কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা ইউনাইটেডের

আপডেট : ২৭ মে ২০১৬, ১৫:৪৯
আগে থেকেই শোনা যাচ্ছিলো ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে যাচ্ছেন হোসে মরিনহো। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।  শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে মরিনহোর সঙ্গে তিন বছরের চুক্তির কথা জানানো হয়।
 
সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি কোচ লুই ফন গালকে বরখাস্ত করলেও তখন আনুষ্ঠানিকভাবে মরিনহোর নাম জানায়নি। ইউনাইটেডের এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান এড উডওয়ার্ড বলেন, ‘ফুটবলে বর্তমানে জোসে এক কথায় সেরা কোচ।…তার সাফল্যের ট্র্যাক রেকর্ড এই ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ।’
 
তিনি আরো বলেন, ‘তিনি পুরো ইউরোপজুড়ে ট্রফি জিতেছেন এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছেন। এখানে তিনটি শিরোপা জেতায় অবশ্যই তিনি প্রিমিয়ার লিগ সম্পর্কে খুব ভালো জানেন।’
 
চুক্তির পর ৫৩ বছর বয়সী মরিনহো বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়াটা বিশেষ সম্মানের। এই ক্লাব বিশ্বজুড়ে পরিচিত ও প্রশংসিত।’
 
মরিনিহো বলেন, তিনি সবসময় ওল্ড ট্র্যাফোর্ডের সঙ্গে একাত্মতা বোধ করতেন। কোচ হিসেবে কাজ শুরু করার পর আগামী বছরগুলোতে ইউনাইটেড ভক্তদের সমর্থন প্রত্যাশা করেন তিনি।