ভেড়ামারায় প্রতিপক্ষের মারধরে গৃহবধূর গর্ভপাত

আপডেট : ২৭ মে ২০১৬, ১৯:২৫
 
কুষ্টিয়ার ভেড়ামারা ‍উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ দক্ষিণপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রুবিনা খাতুন (২২) নামে এক অন্তঃসত্ত্বা (তিন মাসের) গৃহবধূকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশীরা। এতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। এরা হলেন-একই পরিবারের রওশনারা খাতুন (৬০) ও ছবি খাতুন (২০)।
 
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে দুপুরে ওই এলাকার ১০-১২ জন মৃত ছাইদুর আলীর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ছাইদুর আলীর স্ত্রী, মেয়ে ও তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ রুবিনা খাতুনকে পিটিয়ে আহত করে। এ সময় হামলাকারীদের লাঠির আঘাতে রুবিনার তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় রুবিনাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
 
এ ব্যাপারে বিকেলে ভেড়ামারা মডেল থানায় রুবিনা খাতুনের পরিবার দক্ষিণপাড়া এলাকার নবির উদ্দিনের ছেলে হায়দার (৫০), মৃত ইয়াছিন আলীর ছেলে আশরাফুল হক নান্টু (৫৫), মৃত মহাসিন আলীর ছেলে রকিবুল (৩৫), মৃত জফের আলীর ছেলে রবি (৪০), মিরাজুল (৫০), আকমল হোসেনের ছেলে অনিকের (২৭) নামে লিখিত অভিযোগ দায়ের করেছে।
 

ভেড়ামারা থানা পুলিশ জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।