মুন্সীগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে জখম

আপডেট : ২৭ মে ২০১৬, ২২:২৫
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং গ্রামে শুক্রবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করা হয়েছে।
 
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, পরে কর্তব্যরত চিকিৎসক মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
 
জানা গেছে, উপজেলার যশলং গ্রামের মৃত আলতাজউদ্দিনের পুত্র ইসমাঈল খালাসী (৭০) সঙ্গে তার ছোট ভাই কালাম খালসীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
 
এ বিরোধের জের ধরে আজ সকালে ইসমাঈল খালাসী আইনগত পরামর্শের জন্য মুন্সীগঞ্জ আইনজীবী চেম্বারে যাওয়ার সময় যশলং গ্রামে তাদের বাড়ির সামনের রাস্তায় কালাম খালাসীর লোকজন এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
 
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।  টঙ্গীবাড়ী থানা এসআই শাহালম জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।